
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে মাদ্রাসার ছাত্রীকে (১৩) ধর্ষনের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা ফেরদৌস এ রায় প্রদান করেন। রায়ে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন।
দন্ডপ্রাপ্ত আসামির নাম মোঃ ফারুক মিয়া (২৬) তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ থানার বাঘারচর এলাকার মোঃ মাহে আলমের ছেলে। অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি ফারুক মিয়া পলাতক রয়েছেন।
গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোঃ আবু তাহের নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কালিয়াকৈর ভান্নারা এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী (১৩) কে ফারুক মিয়া বিভিন্ন সময় উত্যক্ত করতো। এক পর্যায়ে ২০১৫ সালের ৫ জুন সন্ধ্যার দিকে শিশুটিকে অপহরণ করে নিয়ে ধর্ষন করে। ঘটনার ৬দিন পর শিশুটিকে উদ্ধার করে শিশুটির মা বাদি হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। একই বছর ৬ সেপ্টেম্বর পুলিশ মোঃ ফারুক মিয়া ও মোঃ হাবিবুর রহমান নাম দুইজনকে অভিযুক্ত করে থানায় চার্জশীট প্রদান করে।
আদালত দীর্ঘ শুনানী ও ৫জন সাক্ষীর সাক্ষ্য শেষে ফারুক মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদন্ড প্রদান এবং অপর আসামি হাবিবুর রহমানকে খালাসের রায় প্রদান করেন।
গাজীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর মোস্তফা কামাল বলেন, এ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে কোনো কেউ নারী ও শিশু নির্যাতন করে রেহাই পাবে না। অপরাধীদের জন্য এ রায় দৃষ্টান্ত সহয়ে থাকবে। রায়ে রাস্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করছে। বাদি পক্ষ ন্যায় বিচার পেয়েছে।