
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর ও শ্রীপুরের নদী-খাল-বিলের দূষণ রোধ, সরকারি বনভূমি অবৈধ দখলমুক্ত রাখা এবং যত্রতত্র বর্জ্য ফেলার কারণে সৃষ্ট পরিবেশদূষণ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় ‘নদী ও প্রকৃতি ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান খোরশেদ আলমকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা দক্ষিণ পাড়া সরকার বাড়ি মোড়ে লবলং ট্যুরিস্ট গ্রুপের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংগঠনটির বার্ষিক গেটটুগেদার অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর সাংবাদিক সাদেক মৃধা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোহেল আহমেদ সুফল এবং সঞ্চালনা করেন আলামিন আরাফাত।
আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, নদী-খাল-বিলের দূষণ প্রতিরোধ, সরকারি বনভূমি দখল রোধ এবং যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলার ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণে সচেতনতামূলক কার্যক্রম ও আন্দোলন গড়ে তোলায় অবদানের স্বীকৃতিস্বরূপ খোরশেদ আলমকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাকির আহমেদ, আব্দুর রহমান বেপারী, মোখলেছুর রহমান মুকুল, বায়জিদ বাঙালি, বখতিয়ার আলী পাঠান মুনজিল, পারভেজ সরকার, ওয়াসিম বেপারীসহ লবলং ট্যুরিস্ট গ্রুপের অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা নদী-খাল-বিল দূষণমুক্ত রাখা, বনভূমি সংরক্ষণ এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ব্যক্তি, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।