
গাজীপুর প্রতিনিধি:
ইসলামিক বিজনেস ফোরাম (আইবিডব্লিউএফ) গাজীপুর মহানগরের উদ্যোগে বিআইডিসি রোডস্থ সোনার তরী কমিউনিটি সেন্টারে রবিবার (৯ নভেম্বর) দুপুরে এক ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর সভাপতি মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।
মহানগর অফিস সম্পাদক মাওলানা তাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ডা. আনোয়ারুল আজীম এবং কেন্দ্রীয় এমসি সদস্য আলীমুল এহছান চৌধুরী। মাওলানা আব্দুল আজিজের পবিত্র কুরআন তিলাওয়াত এবং হাসান মাহমুদ রানার নাতে রাসুল পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশের সূচনা হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন গাজীপুর মহানগরের সভাপতি মো. গোলাম মোস্তফা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শহিদুল ইসলাম ব্যবসা-বাণিজ্যের গুরুত্ব ও নীতি নির্ধারণে পবিত্র কুরআনের ঐতিহাসিক নির্দেশনা এবং বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিশদভাবে তুলে ধরেন। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে অতীত জাতিসমূহ ও আম্বিয়া কেরামের বিভিন্ন ঘটনার মাধ্যমে মানুষকে সংশোধনের সুস্পষ্ট নীতি শিক্ষা দিয়েছেন। সূরা বুরুজে বর্ণিত আসহাবুল উখদুদ, আদ জাতি ও পম্পেই নগরীর পরিণতির কথা উল্লেখ করে তিনি বলেন, পাপাচার ও অন্যায়ের কারণে যেভাবে অতীত জাতিগুলো ধ্বংস হয়েছিল, তা থেকে মানবজাতিকে শিক্ষা নিতে হবে। কারুনের ধন-সম্পদের অহংকার এবং লুত (আ.)-এর জাতির পরিণতি স্মরণ করিয়ে দিয়ে তিনি ব্যবসায়ীদের সর্বদা সতর্ক ও সৎ পথে চলার আহ্বান জানান।
ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে তিনি বলেন, ১৯৪১ সালের পূর্বে উপমহাদেশে কুরআন চর্চা মূলত খতম দেওয়া, সালাতের জন্য সুরা মুখস্থ করা কিংবা দোয়ার ভেতর সীমাবদ্ধ ছিল। কিন্তু ১৯৪১ সাল থেকে কুরআন অর্থসহ বুঝে আমল করার নীতি প্রতিষ্ঠিত হতে থাকে। এর ধারাবাহিকতায় অনেকে অর্থ উপার্জনকে বৈষয়িক মনে করে এড়িয়ে চলতেন এবং সূরা হুমাযাহ ও সূরা তাকাসুরের ভুল ধারণায় শুধু অল্পে তুষ্ট থাকার মানসিকতায় ব্যবসা-বাণিজ্য থেকে পিছিয়ে পড়েন। পরবর্তীতে সূরা সফ ও সূরা জুমার নির্দেশনার আলোকে স্পষ্ট হয় যে, সালাত আদায়ের পাশাপাশি জমিনে ছড়িয়ে পড়ে হালাল ব্যবসা ও অর্থনৈতিক অগ্রগতি সাধন করা মুমিনের অন্যতম দায়িত্ব।
সাহাবিদের অর্থনৈতিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, মক্কা থেকে হিজরতের পর রাসুলুল্লাহ (সা.) ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলে হযরত আব্দুর রহমান ইবনে আউফ (রা.) নিজ চেষ্টায় মদিনার বাজারে নেমে সফল ব্যবসায়ী হয়ে ওঠেন এবং আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত হন। একইভাবে হযরত উসমান (রা.) ও ওমর (রা.)-এর আমলেও সাহাবিদের বিপুল অর্থনৈতিক সমৃদ্ধি ছিল, যা তারা ইসলামের খেদমতে কাজে লাগিয়েছেন।
সংগঠনের ইতিহাস তুলে ধরে প্রধান অতিথি জানান, ১৯৭৬ সালে শীতে ৮-১০ জন ব্যক্তি সুদমুক্ত ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে গড়ে তোলেন ‘মুসলিম বিজনেসম্যান সোসাইটি’। ১৯৭৮ সালে খুলনায় অনুষ্ঠিত এক সম্মেলনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ড. ওমর চাপরার পরামর্শে সুদমুক্ত ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। এর ধারাবাহিকতায় ১৯৮৩ সালের ৩০ মার্চ যাত্রা শুরু করে ইসলামী ব্যাংক। পরবর্তীতে এই সোসাইটি ‘ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান অ্যাসোসিয়েশন’ (আইবিএ) হয়ে ২০০৬ সালে সরকারের নিবন্ধন পাওয়ার পর ‘ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ (আইবিডব্লিউএফ) হিসেবে আত্মপ্রকাশ করে, যা একটি অরাজনৈতিক, কল্যাণমুখী ও অলাভজনক সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
ব্যবসায়ীদের আধুনিক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু খুচরা বা পাইকারি কেনাবেচায় সীমিত না থেকে উদ্যোক্তাদের উৎপাদনে সম্পৃক্ত হতে হবে। উদাহরণ টেনে তিনি বলেন, সাধারণ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও নিজস্ব ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বহুগুণ মূল্য সংযোজন সম্ভব। বিশ্ব অর্থনীতিতে চীন ও ইউরোপের অগ্রগতির মূল ভিত্তিই ছিল উৎপাদনমুখী ক্ষুদ্র ও মাঝারি শিল্প। বিশ্ব অর্থনীতির পূর্বাভাস টেনে তিনি উল্লেখ করেন, ২০৩৫ থেকে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে শক্তিশালী অবস্থানে পৌঁছাবে এবং এ সুযোগ গ্রহণ করতে হলে উদ্যোক্তাদের উদ্ভাবনী পণ্য তৈরিতে এগিয়ে আসতে হবে।
তিনি সংগঠনের পক্ষ থেকে সদস্যদের শিল্প পরিদর্শন, চীন ও তুরস্কে আন্তর্জাতিক প্রশিক্ষণ সফর এবং লাইফ মেম্বারদের জন্য বিভিন্ন চিকিৎসাসেবা ও সুযোগ-সুবিধার রূপরেখা তুলে ধরেন।
সমাবেশে উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য ও অভিজ্ঞতা বিনিময় করেন মোসাম্মৎ নাহার বেগম, মো. শরীফ উদ্দিন এবং গ্রীনটেক পাইরোলাইসিসের প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম মজুমদার, সুলাইমান খোকন ও মো. শাহজাহান। এছাড়া বক্তব্য রাখেন ঢাকা উত্তর অঞ্চলের আমির হোসাইন এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক প্রতিনিধি মো. বেলাল হোসাইনসহ নেতৃবৃন্দ।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রো সদর সভাপতি মো. আসাদুজ্জামান, বাসন থানা সভাপতি আ. ওয়াহাবসহ গাজীপুর মহানগরের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক ব্যবসায়ী ও উদ্যোক্তা। পরিশেষে বক্তারা সততা, নিষ্ঠা ও আমানতদারিতার সাথে উৎপাদনমুখী ব্যবসা পরিচালনার মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।