
কালিমুল্লাহ ইকবাল:
গাজীপুরের টঙ্গীতে গার্মেন্টস শ্রমিকদের চলমান অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে নৈরাজ্য, বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৪ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে ঐক্য ও সংহতি প্রকাশের পাশাপাশি শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু এবং বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সরকারের ছেলে বিএনপি নেতা সরকার শাহনুর ইসলাম রনি। এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা ‘বিএনপি-শ্রমিক ভাই ভাই, আমরা সবাই একসঙ্গে থাকতে চাই’ স্লোগান দেন। তাঁরা বলেন, তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ শিল্পের সঙ্গে লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকা ও অসংখ্য পরিবারের ভবিষ্যৎ জড়িত। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, অধিকার ও যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে। তবে শ্রমিক অসন্তোষকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল যাতে শিল্পকারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ, মহাসড়ক অবরোধ কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
নেতারা আরও বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া এবং মালিকপক্ষের সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা জরুরি। কোনো ধরনের উসকানি, গুজব কিংবা বহিরাগতদের অপতৎপরতায় সাধারণ শ্রমিকদের আন্দোলন যেন ভিন্ন খাতে প্রবাহিত না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনায় শিল্পকারখানার উৎপাদন এবং যানবাহন চলাচল ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সকালেও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা, কলেজগেট, চেরাগ আলী, মিলগেট, টঙ্গী স্টেশন রোড ও আব্দুল্লাহপুর এলাকায় গণপরিবহনের স্বল্পতা এবং যাত্রীদের ভোগান্তির চিত্র দেখা যায়।
এমন পরিস্থিতিতে টঙ্গীসহ গাজীপুরের শিল্পাঞ্চলে স্বাভাবিক উৎপাদন পরিবেশ ফিরিয়ে আনা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন বিএনপি নেতারা।
তাঁরা বলেন, শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং আলোচনার মাধ্যমে বিরাজমান সমস্যার সমাধান করাই সময়ের দাবি। শিল্পকারখানা ও জাতীয় অর্থনীতির স্বার্থে কোনো পক্ষেরই দায়িত্বহীন আচরণ কাম্য নয়।
অবস্থান কর্মসূচির মাধ্যমে টঙ্গীসহ গাজীপুরের শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান নেতাকর্মীরা।