
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে নিরপেক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার দাবি জানিয়েছে সম্মিলিত মানুষের মঞ্চ। এ লক্ষ্যে তিন দফা দাবি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। একই সঙ্গে অতীতে ক্ষমতার অপব্যবহার, নাগরিক অধিকার লঙ্ঘন ও দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগগুলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় গাজীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন জুলাই মঞ্চ গাজীপুর জেলার সাবেক মুখপাত্র আল মুঈদ। সংবাদ সম্মেলন শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা তিন দফা দাবির মধ্যে প্রথমত, গাজীপুরের প্রশাসন ও পুলিশ বিভাগের কার্যক্রমে রাজনৈতিক কিংবা প্রভাবশালী কোনো মহলের হস্তক্ষেপ রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়। দায়িত্ব পালনে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও নাগরিক অধিকার লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশের আহ্বান জানানো হয়।
দ্বিতীয়ত, নির্বাচন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, জেলা প্রশাসনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোর স্বাধীন ও স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার দাবি জানানো হয়। এসব প্রতিষ্ঠান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করছে কি না, তা পর্যালোচনার পাশাপাশি বিদেশি হস্তক্ষেপ বা প্রভাব বিস্তারের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
তৃতীয়ত, বিগত ১৭ বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নাগরিক অধিকার ক্ষুণ্ন করা কিংবা দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ রয়েছে, সেগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি বর্তমানেও কোনো কর্মকর্তা বা সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উঠলে যথাযথ প্রক্রিয়ায় তদন্ত নিশ্চিত করার কথা বলা হয়, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন।
স্মারকলিপিতে আরও বলা হয়, গাজীপুর দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল। এ অঞ্চলের শিল্পকারখানা, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড জাতীয় অর্থনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। ফলে এখানকার প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব যেন সরকারি কার্যক্রম ও নাগরিক অধিকারকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন তাদের উদ্দেশ্য নয়। বরং সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ যাচাই, স্বচ্ছ তদন্ত এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই তাদের এ উদ্যোগ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ৩৬ শে জুলাই পাঠাগারের পরিচালক ও অ্যাক্টিভিস্ট রেদওয়ান জামান প্রতীক, সমাজসেবক হোসেন মাহমুদ এবং বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।ঞ্জ