
জাহাঙ্গীর আলম (ব্যুরো প্রধান), কাপাসিয়া, গাজীপুরঃ
গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ডা. আবদুল্লাহ আল মামুনের পদোন্নতিজনিত বদলি উপলক্ষে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলা প্রাণিসম্পদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম আতিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডা. মাসুদ মনোয়ার হোসেন (ডিভিএম), ডা. মাহবুব (ডিভিএম), ডা. রুমান (নারিশ), কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিকুল আলম সবুজ, এগ্রো ভেটেরিনারি রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় ডেইরি ও পোল্ট্রি খামারিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা বেলায়েত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ডা. আবদুল্লাহ আল মামুন আবেগাপ্লুত হয়ে বলেন, “সরকার আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছিল, তা যথাসাধ্য পালনের চেষ্টা করেছি। কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি, তার মূল্যায়ন কাপাসিয়ার পোল্ট্রি ও ডেইরি খামারিরাই ভালো জানেন। আমার সব ব্যর্থতা আমার, আর কোনো সফলতা যদি থেকে থাকে, তার কৃতিত্ব খামারিদের।”

বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগ ধরে রাখতে পারেননি। এ সময় এগ্রো ভেটেরিনারি রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, ডেইরি ও পোল্ট্রি খামারিদের ভালোবাসা ও সম্মানে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম আতিকুর রহমান বলেন, “চাকরি জীবন অনেকটা যাযাবরের মতো। দায়িত্বের প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়। ডা. আবদুল্লাহ আল মামুন দীর্ঘদিন কাপাসিয়ায় দায়িত্ব পালন করেছেন। পদোন্নতি পেয়ে তিনি নতুন কর্মস্থলে যাচ্ছেন। তিনি একজন ভালো মানুষ ও দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। আশা করি, নতুন কর্মস্থলেও তার কর্মদক্ষতার মাধ্যমে দেশ ও জাতির জন্য অবদান রাখবেন।”
তিনি আরও বলেন, ডা. আবদুল্লাহ আল মামুনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এআই ইলেকট্রিশিয়ান মো. জামান, কাপাসিয়া ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাসান, মাসুদ, নাভানা কোম্পানির ম্যানেজার আবদুল্লাহ, সাংবাদিক বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক শফিকুল আলম সবুজ এবং এমারত হোসেন সরকারসহ অনেকে।
বিদায় সংবর্ধনায় বক্তারা ডা. আবদুল্লাহ আল মামুনের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত খামারি ও সহকর্মীদের ভালোবাসায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।ন