নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে রোটারি ক্লাব অব ভাওয়ালের উদ্যোগে শুক্রবার (৩১ জুলাই) গাজীপুর ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব ভাওয়ালের প্রেসিডেন্ট রোটা. মোহাম্মদ মনিরুজ্জামান মুন্না বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি আমাদের অস্তিত্ব রক্ষার অন্যতম প্রধান উপাদান। রোটারির সেবার আদর্শ ধারণ করে আমরা শুধু গাছ লাগানো নয়, প্রতিটি গাছের পরিচর্যাও নিশ্চিত করতে চাই। সমাজের প্রতিটি মানুষ অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করলে পরিবেশ রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কর্মসূচিতে ক্লাবের সদস্যরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন রোটারি ক্লাব অব ভাওয়ালের চার্টার প্রেসিডেন্ট রোটা. ইমতিয়াজ সাজু, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট প্রফেসর ডা. আমিরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর রোটা. জাহাঙ্গীর কবির, পাস্ট প্রেসিডেন্ট রোটা. আলী হোসেন ও রোটা. এস. কে. সফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট রোটা. মাহমুদুর রহমান পলাশ, ক্লাব সেক্রেটারি রোটা. নাজমুল হাসান রাসেলসহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠান শেষে ক্লাবের নেতৃবৃন্দ ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে রোটারির সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।