স্টাফ রিপোর্টার :
চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব। তবে সেই ঐক্যের আড়ালে চাঁদাবাজদের কোনো স্থান হবে না। চাঁদাবাজদের সঙ্গে এনসিপির ঐক্যের প্রশ্নই আসে না।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় আট দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনসিপির গাজীপুর মহানগর, জেলা ও সহযোগী সংগঠনগুলো যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন, তা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হতে পারে। তবে এ ঐক্য কোনো বৈঠককেন্দ্রিক নয়, বরং রাজপথের আন্দোলনের মধ্য দিয়েই গড়ে তুলতে হবে। একই সঙ্গে দেশে চাঁদাবাজি বন্ধের বিষয়ে আপসহীন অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় একজনকে হত্যা করে আন্দোলন দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এমন ভয়ভীতি দেখিয়ে বাংলাদেশের মানুষের প্রতিবাদ থামানো সম্ভব নয়। রাজপথে এখনো লাখ লাখ হাদি রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা বরদাশত করা হবে না। বাংলাদেশের শান্তি বিঘ্নিত হলে তার প্রভাব ভারতের ওপরও পড়বে। দুই দেশের শান্তি ও স্থিতিশীলতা পরস্পরের সঙ্গে সম্পর্কিত বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সীমান্তে আসার দুঃসাহস না দেখিয়ে তাঁকে বাংলাদেশের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
সমাবেশে সারজিস আলম বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিংবা সীমান্তের নিরাপত্তা নিয়ে কেউ হুমকি সৃষ্টি করলে বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে। দেশের স্বার্থ ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বিএনপির নেতাকর্মীদের সমালোচনা করে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেন, গত আট মাস ধরে যাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হয়েছে, তারাই এখন ছোবল দিচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের ব্যক্তিদের প্রশ্রয় দেওয়া হলে এনসিপিকে পাশে পাওয়া যাবে না। পাশাপাশি শ্রমিকদের সন্তানদের উন্নত চিকিৎসা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করে শ্রমজীবী পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
এর আগে বিকেল চারটার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাঁদের অভ্যর্থনা জানান। পরে ভোগড়া বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বর্ষা হলের সামনে দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী লেন প্রদক্ষিণ করে চান্দনা চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। সেখানে মহাসড়কের পাশে তৈরি অস্থায়ী মঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আট দফা দাবির মধ্যে ছিল আওয়ামী লীগকে ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনা, গণহত্যার রায় বাস্তবায়ন এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা। এসব দাবিসংবলিত ব্যানার ও পোস্টার নিয়ে কর্মসূচিতে অংশ নেন নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ও আব্দুল হান্নান মাসউদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, শ্রমবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলী নাছের খান, প্রশিক্ষণ সম্পাদক এম এম শোয়েব এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আরমান হোসাইন।
এ সময় গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক আবু রায়হান মেসবাহ, সদস্যসচিব আবুল কাশেম মাস্টার, গাজীপুর মহানগর যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম ও সদস্যসচিব ওমর ফারুকসহ মহানগর, জেলা ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে এর আগে এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন।