সানাউল্লাহ স্বপন,তানোর (রাজশাহী) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহী জেলার তানোর উপজেলার ৭নং চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এলাকার সুপরিচিত, তরুণ ও শিক্ষিত সমাজসেবক মরহুম মফিজ উদ্দিনের সুযোগ্য পুত্র মোঃ মাহফুজুর রহমান (রিমন)।
মোঃ মাহফুজুর রহমান (রিমন) তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষিত, সৎ ও তরুণ নেতৃত্ব হিসেবে এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে।
জানা গেছে, পিতা মরহুম মফিজ উদ্দিন ছিলেন এলাকার একজন সম্মানিত, সৎ ও পরোপকারী মানুষ। পিতার আদর্শ ও সততাকে বুকে ধারণ করেই পুত্র রিমন রাজনীতিতে এসেছেন। পিতার রেখে যাওয়া সুনাম ও মানুষের ভালোবাসাই তার নির্বাচনের সবচেয়ে বড় শক্তি বলে মনে করছেন এলাকাবাসী।
নির্বাচন প্রসঙ্গে মোঃ মাহফুজুর রহমান (রিমন) বলেন, "আমি চেয়ারম্যান হতে চাই না, আমি জনগণের সেবক হতে চাই। আমার পিতা সারাজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। আমি তার আদর্শ নিয়ে চান্দুড়িয়া ইউনিয়নকে একটি মডেল ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আমি সকলের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করছি।"
তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি সৎ নেতৃত্বে সমৃদ্ধ চান্দুড়িয়া ইউনিয়ন গড়ে তুলবেন। রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবার প্রসার, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা সঠিকভাবে পৌঁছে দেওয়া, যুব সমাজের কর্মসংস্থান এবং দালালমুক্ত, স্বচ্ছ ইউনিয়ন পরিষদ গঠন করাই হবে তার প্রধান লক্ষ্য।
এদিকে, তার প্রার্থীতা ঘোষণার পর থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে তরুণ ও যুব সমাজের মধ্যে তাকে নিয়ে আলাদা আগ্রহ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে তিনি ইউনিয়নের প্রতিটি গ্রামে গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, পিতার মতোই সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তিনি চান্দুড়িয়া ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাবেন।