সানাউল্লাহ স্বপন,তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী জেলার জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬ খ্রি.) তানোর উপজেলা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলা পরিষদ হলরুমে তানোর উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি সরকারি দপ্তরসমূহের চলমান উন্নয়ন কার্যক্রম, সেবার মান ও জনগণের ভোগান্তি লাঘবে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
পরে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় তানোর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার মূল স্রোতে ধরে রাখতে এবং নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
এরপর জেলা প্রশাসক চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। তিনি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেন এবং পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহমুদুল হাসান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।