নিজস্ব প্রতিবেদক:
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় যেকোনো অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলায় দেশপ্রেমিক জনগণ, গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্ট করার গভীর ষড়যন্ত্র হয়েছে। তবে দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে ভূমিকা রেখেছে।
শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠাকে প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করেন তিনি।
সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ও মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জন সরকারের পরিকল্পনায় রয়েছে।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।