স্টাফ রিপোর্টার :
গাজীপুর জেলা যুবদলের নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্রীপুর উপজেলার গিলারচালা গ্রামের কৃতী সন্তান আবু তাহের প্রধান। তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে শ্রীপুরসহ জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
আবু তাহের প্রধান দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। রাজনৈতিক জীবনে তিনি গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য, শ্রীপুর পৌর যুবদলের সদস্যসচিব এবং শ্রীপুর পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় সাংগঠনিক দক্ষতা, নেতৃত্ব ও কর্মীবান্ধব ভূমিকার মাধ্যমে তিনি নিজস্ব অবস্থান তৈরি করেছেন।
রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তিনি পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের দাতা সদস্য, আবুল প্রধান স্কুলের দাতা সদস্য এবং সুলতান উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ক্রীড়াঙ্গনেও রয়েছে তাঁর পরিচিতি। তিনি ঢাকার উত্তরা মডেল ক্লাবের সদস্য এবং গাজীপুর জেলা সিটি ক্লাবের ম্যানেজার। ছাত্রজীবনে ফুটবল খেলোয়াড় হিসেবে গাজীপুর জেলায় সুনাম অর্জন করেন তিনি। জেলার বিভিন্ন স্থানে প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও ক্রীড়াঙ্গনে তাঁর সম্পৃক্ততা তাঁকে বহুমাত্রিক পরিচয়ে পরিচিত করেছে। নবগঠিত গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁর রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা হলো। তাঁর এ অর্জনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।