স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নতুন ও সময়োপযোগী কার্যক্রমগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরে জনপ্রিয় করতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
তিনি বলেন, ইউজিসির বিভিন্ন নতুন উদ্যোগ ও কার্যক্রমের সঠিক প্রচার-প্রচারণায় জনসংযোগ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ লক্ষ্যে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) নেতৃবৃন্দ ইউজিসি চেয়ারম্যানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণের আয়োজন এবং পাবলিক রিলেশন্স বিষয়ে অ্যাকাডেমিক প্রোগ্রাম চালুর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাপাজসের সভাপতি ড. মহিউদ্দিন আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক মো. সামছুল আলম শিবলীর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবুল কাসেম শিখদার। নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন খান, সমাজকল্যাণ সম্পাদক মোস্তাক জাহান এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ইফতেখার হোসাইন উপস্থিত ছিলেন।
এ সময় বাপাজস নেতৃবৃন্দ ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের হাতে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও পরিচিতিপত্র তুলে দেন। অনুষ্ঠানে চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।