গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর দক্ষিণখান এলাকায় ‘ইনোভেটিভ হোম কেয়ার’ নামের একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের নাম ও পরিচয় নকল করে ডিটারজেন্ট ও সাবান তৈরি, প্যাকেটজাত এবং বাজারজাত করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কার্যালয়ের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশফিকুর রহমান আবরার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় লাইসেন্স থাকলেও কেয়া, বিএমটিএফ, মিনিস্টার ও কাজীসহ বিভিন্ন ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল ডিটারজেন্ট ও সাবান উৎপাদন, প্যাকেটজাত এবং বাজারজাত করা হচ্ছিল।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৪৩ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৯৫ হাজার টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং নকল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিরোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।