মোঃ নোমান ইসলাম বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুমি আকতার (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত তার ১১ মাসের মেয়ে মারিয়া মাহরীন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আহত হয়েছে ৭ বছরের ছেলে আব্দুর রহমান।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিরামপুর জনতা ব্যাংকের সামনে দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রুমি আকতার তার স্বামী মাহমুদুল হাসানের সঙ্গে দুই সন্তানকে নিয়ে ডাঙ্গাপাড়া থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় মাহমুদুল হাসান মোটরসাইকেল চালানোর পাশাপাশি মুঠোফোনে কথা বলছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘটনার সময় পেছন দিক থেকে আসা একটি মাছবাহী পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়। একই সময়ে বিপরীত দিক থেকে গোবিন্দগঞ্জ অভিমুখে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুমি আকতার গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে দ্রুত বিরামপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনায় রুমির ১১ মাসের মেয়ে মারিয়া মাহরীন ও ৭ বছরের ছেলে আব্দুর রহমানও আহত হয়। তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন বিরামপুরের চিকিৎসকরা। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে ১১ মাসের শিশু মারিয়া মাহরীনের মৃত্যু হয়।
বিরামপুর থানার দায়িত্বরত ওসি শামীম আল মামুন জানান, সড়ক দুর্ঘটনা আইনে মামলা হবে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১২-৩৫৮৮) পুলিশ হেফাজতে রয়েছে।
নিহত রুমি আকতারের বাড়ি পাশ্ববর্তী নবাবগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামে।