নাজমুল শিকদার, কাশিমপুরয (গাজীপুর ) প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকায় পুকুরে ডুবে মাহিম রিয়াদ (১১) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বেলা আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে সারাবো কোচপাড়া সাকিনস্থ সেনাকল্যাণ পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত মাহিম রিয়াদ কাশিমপুর থানার সারদাগঞ্জ আয়নাল মার্কেট এলাকার বাসিন্দা। তার বাবা ফরহাদ হোসেন ও মা রেশমা। মাহিম সারদাগঞ্জ আয়নাল মার্কেট এবি সিদ্দিক আল ফালহা ইসলামি আলকুল্লাহ দারুল উলুম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, মাদ্রাসার পরীক্ষা শেষে মাহিম দুপুরের আগে বাসায় ফিরে আসে। পরে বন্ধুদের সঙ্গে গোসল করার জন্য স্থানীয় সেনাকল্যাণ পুকুরে যায়। সেখানে গোসলের একপর্যায়ে সাঁতার না জানায় পানিতে ডুবে যায় সে।
এ সময় তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে পানি থেকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে মাহিমকে পুকুর থেকে উদ্ধার করেন। এরপর তাকে দ্রুত বিগবস গার্মেন্টসের সামনে একটি ফার্মেসিতে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরতরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।