জাহিদুর রহমান বকুল:
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করেছেন মোঃ জিয়াউল হাসান সৌরভ। এর আগে তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে বদলি হয়ে গত ১১ আগস্ট গাজীপুর সদর উপজেলায় নতুন কর্মস্থলে যোগ দেন মোঃ জিয়াউল হাসান সৌরভ। দায়িত্ব গ্রহণের পর তিনি ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার পাশাপাশি সেবাপ্রার্থীদের হয়রানি কমানো এবং সরকারি ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নবাগত সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ বলেন, “নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পর আমার প্রধান লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত, স্বচ্ছ ও দ্রুত ভূমি সেবা নিশ্চিত করা। ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে কোনো নাগরিক যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
তিনি বলেন, নামজারি, জমাভাগ, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন করসহ ভূমি অফিসের আওতাধীন সেবাগুলো সরকারি বিধি-বিধান অনুযায়ী নির্ধারিত সময়ে দেওয়ার চেষ্টা করা হবে। পাশাপাশি সেবাপ্রার্থীদের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হবে।
দালাল বা অনিয়মের মাধ্যমে যাতে কোনো নাগরিককে ভূমি সেবা নিতে না হয়, সে বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “নাগরিকরা সরাসরি ভূমি অফিসে এসে তাদের সমস্যার কথা জানাতে পারবেন। কোনো সেবা পেতে সমস্যা হলে কিংবা কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটিও যথাযথভাবে জানানো যাবে।”
তিনি আরও বলেন, ভূমি অফিস সাধারণ মানুষের জমি, সম্পদ ও অধিকার-সংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি প্রতিষ্ঠান। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, নিয়ম-শৃঙ্খলা ও জনবান্ধব আচরণ নিশ্চিত করাই হবে তাঁর অন্যতম অগ্রাধিকার।
গাজীপুর সদর উপজেলা ভূমি অফিসকে একটি জনবান্ধব, স্বচ্ছ ও সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় নাগরিকদের সহযোগিতা কামনা করেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউল হাসান সৌরভ।
এদিকে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করায় গাজীপুর সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা তাকে স্বাগত জানিয়েছেন।