
নাজমুল শিকদার কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর কাশিমপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আনন্দ ভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ডের ব্যস্ততার বাইরে নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংগঠনিক বন্ধন আরও জোরদারের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) কাশিমপুর মনপুরা পার্কে কাশিমপুর থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী এ আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান মো. শওকত হোসেন সরকার। এ সময় তার সহধর্মিণীসহ গাজীপুর মহানগর, কাশিমপুর থানা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সকাল থেকেই আনন্দ ভ্রমণকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মনপুরা পার্কে পৌঁছানোর পর তারা বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশ নেন এবং নিজেদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ভাগাভাগি করেন।
দিনব্যাপী আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি গান, নাচসহ বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে নেতাকর্মী ও অতিথিরা অংশ নেন। সাংস্কৃতিক পরিবেশনায় পুরো পার্কজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ।
প্রধান অতিথির বক্তব্যে মো. শওকত হোসেন সরকার নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি নেতাকর্মীদের পারস্পরিক সম্পর্ক ও সাংগঠনিক বন্ধন আরও শক্তিশালী করা প্রয়োজন। এ ধরনের আয়োজন নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আনন্দ ভ্রমণের পাশাপাশি নেতাকর্মীরা নিজেদের মধ্যে মতবিনিময় করেন। সংগঠনের বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়েও আলোচনা করেন তারা। দীর্ঘদিনের রাজনৈতিক ব্যস্ততার মাঝে এমন আয়োজন নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানান অংশগ্রহণকারীরা।
আয়োজকরা জানান, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।