
স্টাফ রিপোর্টার:
ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে গাজীপুর মহানগর এলাকায় বাস কাউন্টার ও ফিলিং স্টেশনে জোরদার অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত আসনের বেশি যাত্রী পরিবহন এবং টিকিট প্রদানে অনিয়মের অভিযোগে পরিচালিত এ অভিযানে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন এলাকার ব্যস্ততম চৌরাস্তা বাইপাস সংলগ্ন পেয়ারা বাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) টঙ্গী রাজস্ব সার্কেল মোহাম্মদ মোজাহেরুল হক এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রভাকর রায়। অভিযানকালে একাধিক বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিটে স্বচ্ছতার অভাব এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এসব অনিয়মের ভিত্তিতে সংশ্লিষ্ট কাউন্টারগুলোকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে নিকটবর্তী একটি ফিলিং স্টেশনেও অভিযান চালিয়ে অনিয়মের প্রমাণ পেয়ে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে পরিবহন সংশ্লিষ্টদের নির্ধারিত ভাড়া তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ, সঠিকভাবে টিকিট প্রদান এবং যাত্রীদের সঙ্গে শালীন আচরণ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি যাত্রীদেরও অতিরিক্ত ভাড়া প্রদান না করা এবং অনিয়মের বিষয়ে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ উপলক্ষে সড়কপথে যাত্রীচাপ বৃদ্ধি পাওয়ায় যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভোক্তা ও যাত্রীদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে ঘরমুখো মানুষের যাত্রা হয় নিরাপদ, স্বস্তিদায়ক ও নিরাপদ হয়।