
জাহাঙ্গীর আলম (ব্যুরো প্রধান), কাপাসিয়া, গাজীপুরঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ২নং রায়েদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মো. হাবিবুর রহমান (হবি)-এর চতুর্থ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দিনব্যাপী রায়েদ ইউনিয়নে মরহুমের নিজ বাড়িতে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কবর জিয়ারত, দোয়া মাহফিল ও প্রীতিভোজ। এতে মরহুমের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশ নেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে মরহুম মো. হাবিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও কল্যাণ কামনা করা হয়। দোয়া শেষে উপস্হিতিদের মধ্যে প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়েদ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. জাহাঙ্গীর আলম। এছাড়া মরহুম চেয়ারম্যানের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা মরহুম মো. হাবিবুর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। তারা বলেন, তিনি রায়েদ ইউনিয়নের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রেখেছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয়ভাবে যে শূন্যতা তৈরি হয়েছে, তা আজও অনুভব করেন এলাকাবাসী।
মরহুমের স্বজনরা জানান, প্রতি বছর তাঁর মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে দোয়া ও কবর জিয়ারতের আয়োজন করা হয়। এ সময় আত্মীয়-স্বজন ও এলাকাবাসী একত্রিত হয়ে মরহুমের জন্য দোয়া করেন।
দোয়া মাহফিল শেষে মরহুম আলহাজ্ব মো. হাবিবুর রহমান (হবি)-এর কবর জিয়ারত করেন উপস্থিত অতিথি ও স্বজনরা। পরে রায়েদ মধ্যপাড়া মদিনাতুল উলুম হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মধ্যে প্রীতিভোজ পরিবেশন করা হয়।
উল্লেখ্য, আলহাজ্ব মো. হাবিবুর রহমান রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় মানুষের উপস্থিতিতে পারিবারিক ও সামাজিকভাবে মরহুমের স্মৃতিচারণ করা হয়।